বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম। বঙ্গবন্ধু-১ হলো আমাদের দেশের প্রথম একটি ভূ-স্থির যোগাযোগ উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ। ১১ মে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বঙ্গবন্ধু-১ প্রকল্পটি বাস্তবায়িত হয়। এর প্রধান কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবে স্পারসো (SPARRSO)। বাংলাদেশ সরকার ২০১৫ সালের ১১ই নভেম্বর “থ্যালেস অ্যালেনিয়া স্পেস” নামক এক ফরাসি কোম্পানির সাথে যাবতীয় যন্ত্রপাতির ডিজাইন বা নকশার জন্য চুক্তি করে।
এই কৃত্রিম উপগ্রহটির সর্বমোট ৪০টি ট্রান্সপন্ডার ব্যান্ড থাকবে । ৪০ টি ট্রান্সপন্ডার ব্যান্ডের মধ্যে ১৪টি ‘সি’ ব্যান্ড এবং ২৬টি ‘কেইউ’ ব্যান্ড। সর্বমোট ৪০টি ব্যান্ডের মধ্যে ২০টি ব্যান্ড নিজেদের জন্য এবং বাকি ২০টি ব্যান্ড বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে। এটি ৪০০০বি২ স্পেসবাস প্লাটফর্মের।
১৬০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন(যার উৎস ২টি সৌর ব্যাটারি) স্যাটেলাইটটির ভর ১৩০০ কেজি হলেও বাহক রকেটসহ উৎক্ষেপণ ভর হবে প্রায় ৩৬০০ কেজি ।
Successful deployment of Bangabandhu Satellite-1 to geostationary transfer orbit confirmed. pic.twitter.com/aX7kRQtBpZ
— SpaceX (@SpaceX) May 11, 2018
স্যাটেলাইটের ফুটপ্রিন্ট:
বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে। এর ফুটপ্রিন্ট বা কভারেজ হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত।
শক্তিশালী কেইউ ও সি ব্যান্ডের মাধ্যমে এটি সবচেয়ে ভালো কাভার করবে পুরো বাংলাদেশ, সার্কভুক্ত দেশসমূহ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।
স্থায়িত্ব:
১৫ বছরের জন্য রাশিয়ার কাছ থেকে অরবিটাল স্লট কেনা হয়েছে। তবে বিএস ওয়ানের স্থায়িত্ব হতে পারে ১৮ বছর পর্যন্ত।
স্যাটেলাইট নির্মাণ:
৩.৭ টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ডিজাইন এবং তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস। আর যে রকেট এটাকে মহাকাশে নিয়ে যাচ্ছে সেটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেসএক্স।
উৎক্ষেপণ হচ্ছে ফ্লোরিডার লঞ্চপ্যাড থেকে।
বিএস-ওয়ানের খরচ:
বিটিআরসিকে শুধু ডিজাইন এবং যন্ত্র নির্মানের জন্য গুনতে হয়েছে প্রায় ১ হাজার ৯৫১ কোটি টাকা। তবে প্রকল্প বাস্তবায়নে শুরুতে বাজেট ধরা হয় ২৯৬৭.৯৫ কোটি টাকা। শেষ পর্যন্ত অবশ্য ২৭৬৫ কোটি টাকায় এ পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হল। এর মধ্যে ১৩১৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার আর বাকিটা বিদেশি অর্থায়ন।
স্যাটেলাইট অপারেশন:
আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির কক্ষপথে যেতে সময় লাগবে ৮-১১ দিন। আর পুরোপুরি কাজের জন্য প্রস্তুত হবে ৩ মাসের মধ্যে।
এরপর প্রথম ৩ বছর থ্যালাস অ্যালেনিয়ার সহায়তায় এটির দেখভাল করবে বাংলাদেশ। পরে পুরোপুরি বাংলাদেশী প্রকৌশলীদের হাতেই গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়া আর্থ স্টেশন থেকে নিয়ন্ত্রিত হবে এটি।
এখন প্রশ্ন হচ্ছে, এই স্যাটেলাইট থেকে বাণিজ্যিকভাবে লাভবান হবার সম্ভাবনা কতটা? কী কাজে লাগবে এই স্যাটেলাইট?
প্রযুক্তির সাথে সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি ক্ষেত্রে এই স্যাটেলাইট কাজে লাগতে পারে।
- প্রত্যন্ত এলাকায় টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বিস্তৃত করা,
- যারা ভি-স্যাট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছেন তাদের কাজে,
- বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের জন্য, এবং
- ডিটিএইচ সেবা অর্থাৎ বর্তমানে কেবল টিভির যে সংযোগ আছে সেটির মান উন্নয়ন করা।
- ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত সিরাজুল হায়দার বলছেন, “সবচেয়ে বেশি সুবিধা হবে কেবল টিভির ক্ষেত্রে। ট্রিপল প্লে- অর্থাৎ ডিশ, ইন্টারনেট ও কলিং- এ তিনটি সেবা একসাথে ডিটিএইচ এর মাধ্যমে পাওয়া যাবে। এতে করে প্রত্যন্ত এলাকায় এই সুবিধা ছড়িয়ে দেয়া সম্ভব হবে।”
- এ ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো সম্ভব।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের একটি বড় গ্রাহক হবে।
এই স্যাটেলাইটের ৪০টি ট্রানসপন্ডারের মধ্যে ২০টি ভাড়া দেওয়ার জন্য রাখা হবে বলে সরকার থেকে বলা হচ্ছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বিক্রির জন্য সরকারের গঠন করা বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসবি) লিমিটেড কাজ শুরু করেছে।
Source: